রংপুর মহানগরজুড়ে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের চার সদস্যসহ বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, প্রতারণা, চুরি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সোমবার আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় সমন্বিত এ অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ জনের মধ্যে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রতারণা, জাল প্রবেশপত্র তৈরি এবং প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে ৫ পিস, ১১ পিস ও ১১০ পিস ইয়াবাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৫০ গ্রাম গাঁজা এবং ৪০ পুরিয়া, প্রায় ৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
ডিবি পুলিশও পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে হারাগাছ থানা পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করেছে। পরশুরাম থানা পুলিশ চুরি মামলায় আরও তিনজনকে আটক করেছে।
আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত