সারাদেশ

বন্দরে চুরি হওয়া প্রাইভেটকার ৪ মাস পর উদ্ধার গ্রেপ্তার ১

প্রিন্ট
 বন্দরে চুরি হওয়া প্রাইভেটকার ৪ মাস পর উদ্ধার গ্রেপ্তার ১

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ৯:৪৫

নারায়ণগঞ্জের বন্দরে চুরি হওয়ার দীর্ঘ চার মাস পর একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শামীম (৬১) নামের আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের হাউজিং রোডস্থ মা অটো গ্যারেজের সামনে অভিযান চালিয়ে চোরাই গাড়িটি জব্দ এবং শামীমকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার ব্যবসায়ী লিটন মিয়া তার আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সিলভার রঙের প্রাইভেটকারটি সোমবাড়িয়া বাজারের স্টার ক্লাবের পাশে পার্কিং করে রাখেন। পরদিন সকালে গাড়িটি যথাস্থানে না পেয়ে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

অবশেষে ঘটনার চার মাস পর, গত রোববার লিটন মিয়ার ভাগিনা সুমন গাড়িটি সিদ্ধিরগঞ্জের হাউজিং রোড এলাকায় দেখতে পেয়ে পুলিশকে জানান। সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি উদ্ধারসহ শামীমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের মালিক লিটন মিয়া বাদী হয়ে ধৃত শামীমসহ ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হলেন, মোক্তার মিয়া (৪০), অনিক (২১), সালমান (৩০) ও আবুল হাসান (৩০)।

মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (৩ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।