সারাদেশ

বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রিন্ট
বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ১০:০৩

নারায়ণগঞ্জের বন্দরে জমির মাটি বিক্রির জমানো টাকা চাওয়ায় এক নারী ও তার স্বামীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুম ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম রুমা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় মাসুমসহ তিনজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাসুম ধামগড় ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামগড় ইউনিয়নের কামতাল এলাকায় মেসার্স জেরিন জুঁই এন্টারপ্রাইজ-এর মালিক নুরুজ্জামান একটি জমি ক্রয়ের পর আশপাশের মাটি ইটভাটায় বিক্রি করে বালু ভরাটের কাজ শুরু করেন। এই টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন মাসুম। তবে সামান্য কিছু কাজ করেই বিগত দুই বছর ধরে তিনি প্রায় সম্পূর্ণ অর্থ আটকে রেখে নানা টালবাহানা করে আসছিলেন।

সোমবার দুপুরে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে নুরুজ্জামান হিসাব চাইতে গেলে মাসুমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুজ্জামানকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে তার স্ত্রী রুমা আক্তার প্রতিবাদ করতে এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এলাকাবাসী অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অভিযুক্ত মাসুম নব্য বিএনপির কিছু লোককে সাথে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং চোরাই অটোরিকশা কেনাবেচাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।