সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ১০:১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বাবা ফজলুল হককে (৬৫) পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি নোবেলকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গত রোববার (২ আগস্ট) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোবেল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ১১।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় এক নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নোবেল। ঘটনাস্থলে থাকা ফজলুল হক তাঁকে ঝগড়া না করার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে নোবেল তাঁর সহযোগীদের ডেকে এনে বৃদ্ধ ফজলুল হককে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় ফজলুল হককে উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। পরবর্তীতে ১৯ জুলাই সকালে নিজ বাসায় রক্তবমি করে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার মূল বাদী ছিলেন ফজলুল হক। ছেলের বিচার পাওয়ার আগেই তাঁকেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো।

গ্রেপ্তারকৃত আসামি নোবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।