সারাদেশ

চব্বিশকে কুক্ষিগত করার চেষ্টা করবেন না চব্বিশ কারও বাবার না : আবুল কাউসার আশা

প্রিন্ট
চব্বিশকে কুক্ষিগত করার চেষ্টা করবেন না চব্বিশ কারও বাবার না : আবুল কাউসার আশা

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ১০:৪৪

রাজনীতিতে কুরুচিপূর্ণ মন্তব্য না করে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, একটি দল একাত্তরকে কুক্ষিগত করতে চেয়েছিল, আর আপনারা চব্বিশকে কুক্ষিগত করতে চাইছেন। চব্বিশ কারও বাবার না, এটাকে পুঁজি করে খাওয়ার চিন্তা বাদ দিন।

সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির নেতাদের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুউক্তি করলে বিএনপির কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনি ইট মারলে পাটকেল খেতেই হবে। ৫ আগস্টের পর থেকে কিছু অর্বাচীন রাজনীতিতে কুরুচিপূর্ণ মন্তব্যকে শিল্পে পরিণত করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সহযোদ্ধা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আশা বলেন, যাদের সঙ্গে গত ১৭ বছর যুগপৎ আন্দোলন করেছি বিশেষ করে জামায়াত ও শিবিরের প্রতি কড়া মন্তব্য করতে বিবেক বাঁধা দেয়। কারণ আমরা রাজপথে, প্রিজন ভ্যানে ও আদালতের বারান্দায় একসাথে রাজপথের লড়াই করেছি। কিন্তু কেউ রাজনীতিকে কেবল ফেসবুকে নিয়ে যাবেন আর অশালীন বক্তব্য দেবেন, তা মেনে নেওয়া যায় না। সবাই কুরুচিপূর্ণ ভাষায় কথা বলতে জানে না, তবে প্রতিরোধ গড়তে জানে।

মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।