সারাদেশ

নারায়ণগঞ্জে আরও ৪০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হচ্ছে: নাসিক প্রশাসক

প্রিন্ট
নারায়ণগঞ্জে আরও ৪০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হচ্ছে: নাসিক প্রশাসক

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ৯:৫৭

কিডনি রোগীদের স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা দিতে নারায়ণগঞ্জে আরও একটি ৪০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্র বিনোদন সুপার মার্কেটে এটি স্থাপন করা হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের পশ্চিম দেওভোগে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এ তথ্য জানান।

বর্তমানে সিটি করপোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেওভোগে ১৫ শয্যার একটি সেন্টারে নামমাত্র খরচে ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, রোগীর সংখ্যা বাড়ায় বিনোদন সুপার মার্কেটে বাণিজ্যিক সুবিধা বাদ দিয়ে জনস্বার্থে দুটি স্পেস প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই মেশিন স্থাপন করে সেবা চালু করা হবে।

তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ, চাঁদপুর, নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলার রোগীরা সমানভাবে সেবা পাচ্ছেন। সেবা প্রসারে প্রবাস ও সমাজের সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।