রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

সীতাকুণ্ডে ৫ লাখ ৭৮ হাজার কেজি সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

1719

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে র‍্যাব-৭। অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ মে) সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৭, জেলা ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু অসাধু চক্র সরকারি লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ চাল মজুত করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করছে। পরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ওই বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

অভিযানে আব্দুল আজিজ (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, জব্দকৃত চাল বিভিন্ন অনিয়মিত পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, অবৈধভাবে সরকারি চাল মজুত ও বাজারজাতের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ খাদ্যপণ্য মজুত ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।