প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
1704
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম
ডা. শফিকুর রহমান
পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের সম্মানিত বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিশেষ শুভেচ্ছা বিবৃতিতে পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে তিনি এই মোবারকবাদ জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহর পরম প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের মহান ও ত্যাগের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই চন্দ্র সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরত কেবল একটি সাধারণ স্থান পরিবর্তন ছিল না, বরং তা ছিল তৎকালীন সময়ের চরম জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, পরম ইনসাফ ও মহাসত্যের এক গৌরবময় মহাসফলতা এবং একটি সুশৃঙ্খল ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘হিজরি বিদায়ী বছরের সব ধরনের ভুলত্রুটি, ব্যর্থতা ও না পাওয়ার গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করার দৃঢ় শপথ নিতে হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও দেশের চলমান বিশেষ প্রেক্ষাপটে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা প্রদর্শন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। হিজরতের যে ঐতিহাসিক ত্যাগ ও কোরবানির মহিমান্বিত চেতনা রয়েছে, তা বুকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি, শোষণ ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জামায়াত আমির তাঁর বিবৃতির শেষাংশে বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার দরবারে বিনীত প্রার্থনা করি, নতুন হিজরি বছর যেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গভীর আত্মশুদ্ধি, খোদাভীতি বা তাকওয়া, সুশাসন, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের সুমহান চেতনায় উদ্বুদ্ধ করে এটাই আমাদের বড় প্রত্যাশা। পরম করুণাময় আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার সংকট, অর্থনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভেদ থেকে মুক্ত রাখেন। তিনি যেন সমগ্র জাতির মধ্যে পারস্পরিক গভীর সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধের পুর্নজাগরণ ঘটান।’
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আসুন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করি। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের বৈশ্বিক সংকট ও মজলুমিয়াত থেকে হেফাজত করুন।’
