ঢাকা

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত গুরুতর আহত সহপাঠী

প্রিন্ট
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত গুরুতর আহত সহপাঠী

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মুসা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার এক সহপাঠীও গুরুতর আহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ভুলতা ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মুসা রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার আল আমিন মিয়ার ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী নিলয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মুসা ও নিলয় দুজনেই একই শ্রেণির ছাত্র। ঘটনার দিন মুসা তার চাচার মোটরসাইকেল নিয়ে বন্ধু নিলয়কে পেছনে বসিয়ে ভুলতা ফ্লাইওভার দিয়ে কাঁচপুরের দিকে যাচ্ছিল।

এ সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় হোন্ডা আরোহী দুই বন্ধুই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে। আহত মুসাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নিলয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফ্লাইওভার বা মহাসড়কে উল্টোদিক থেকে গাড়ি চালানোর মতো বিপজ্জনক প্রবণতার কারণে এমন দুর্ঘটনা ঘটল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।