সারাদেশ

প্রবাসী ছোটভাইয়ের অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

প্রিন্ট
প্রবাসী ছোটভাইয়ের অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৫৩ আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৫৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রবাসী ছোটভাইয়ের পাঠানো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় ভাইদের বিরুদ্ধে। দুবাইপ্রবাসী মো. হাকিম অভিযোগ করেছেন, তাঁর দীর্ঘ প্রবাসজীবনের কষ্টার্জিত সঞ্চয় ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে—উল্টো টাকার দাবিতে তাঁকে একাধিকবার হামলারও শিকার হতে হয়েছে।

হাকিমের স্ত্রী জাহানুর বেগম বাদী হয়ে বড় ভাই জজ মিয়া (৪০), আওলাদ (৪৫), ভাগিনী নাসিমা বেগম (৩৫) ও ভাগিনা আরিফ (২৮)-এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, টানা দশ বছর দুবাই প্রবাসে থাকা হাকিম এবং তিন বছর প্রবাসে থাকা তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে মোট ৮ লাখ ৩০ হাজার টাকা জজ মিয়া ও আওলাদের কাছে পাঠান। দেশে ফিরে সেই অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা টাকার বিষয়টি অস্বীকার করেন। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বসলেও কোনো সমাধান হয়নি। বরং টাকার দাবিতে হাকিমকে মারধর ও হুমকির মুখে পড়তে হয়েছে।

হাকিম বলেন,

প্রবাসে থাকা অবস্থায় বিশ্বাস করে বড় ভাইদের কাছে টাকা পাঠিয়েছি। লেনদেনের সব প্রমাণ আমার কাছে আছে। কিন্তু দেশে ফিরে টাকা চাইতেই আমার ওপর হয়রানি শুরু হয়। হামলার শিকার হয়েছি, আমার নামে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। এখনো বিভিন্ন পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন,

হাকিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোর্টে করা একটি মামলার তদন্ত আমাদের কাছে এসেছে। ওই মামলায় টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ নেই। তদন্ত করতে আমরা গতকাল ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত এখনো চলমান আছে।