সারাদেশ

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

প্রিন্ট
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৫, রাত ১২:০৩

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জামায়াত ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

র‌্যালিটি শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে মেট্টো মোড়, চাষাঢ়া এবং ডিআইটি সড়ক ঘুরে পুনরায় চাষাঢ়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিজয় র‌্যালিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। বাক-স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হয় না। তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। র‌্যালি শেষে মইনুদ্দিন আহমাদ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।