পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বীরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই জহুরুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার বিরোধপূর্ণ জমি থেকে জহুরুল মাটি কাটা শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য আজ সকালে বীরু মোল্লা কয়েকজন লোক নিয়ে জহুরুলের বাড়িতে যান। কথা বলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে সবাইকে চলে যেতে বলেন। উপস্থিতরা সরে না গেলে তারা সরাসরি গুলি চালান। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বীরু মোল্লার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছে।
মতামত