নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে শয়নকক্ষে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে পাষণ্ড স্বামী নয়নকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। গ্রেফতারকৃত নয়ন আড়াইহাজার থানার বিষ্ণুপুরা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ জেরিন আক্তারের বাবা আমিনুল হক বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৪ বছর আগে বিয়ের পর থেকেই মাদকাসক্ত নয়ন যৌতুকের জন্য জেরিনকে চাপ দিচ্ছিল। গত ৮ মাস ধরে জেরিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার গভীর রাতে নয়ন শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজন দ্রুত বেরিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা পেট্রোলের বোতলসহ তাকে হাতেনাতে ধরে ৯৯৯-এ কল দেয়।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
মতামত