সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মজুরির টাকা চাইতে গিয়ে নারী শ্রমিককে মারধর

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মজুরির টাকা চাইতে গিয়ে নারী শ্রমিককে মারধর

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে পাওনা মজুরির টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামিলা নামে এক নারী দিনমজুর। বর্তমানে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বইগন্ডপুর (৬ নং ওয়ার্ড) এলাকায় জামিলা গত কয়েকদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। পাওনা ১ হাজার ২০০ টাকা মজুরি চাইতে গেলে ওই বাড়ির লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াছিন (২৭) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক জামিলাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভূক্তভোগী পরিবার জানায়, এর আগেও পাওনা টাকা চাইলে অভিযুক্তদের বাবা সাহেব আলী জামিলাকে মারধর করেছিলেন। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত হওয়ায় তারা বারবার এমন অন্যায়ের সাহস পাচ্ছে।

মারধরের অভিযোগের বিষয়ে জানতে ইয়াছিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কথা বলতে রাজি হননি।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জামিলা ও তার পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।