ছবি : আলোচনা সভা ও পদযাত্রা
ইয়াকুব সরকার (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১৮ ডিসেম্বর ২০২৫ ইং
ফুলবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিটে এক আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
এ দিন শুরুতে একটি র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে ফিরে আসে। র্যালিতে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন এবং প্রবাসীদের অধিকার সংরক্ষণের নানা স্লোগানসহ ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রতিনিধি দিলারা আক্তার। সভায় বক্তারা আন্তর্জাতিক অভিবাসীদের অধিকার, প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করার জন্য সরকারের উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার্স প্রতিনিধি এসআই শাহ আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির শক্তিশালী চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে অবিচ্ছেদ্য অংশ। তাই, প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার রক্ষায় জনগণের সচেতনতা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে বিদেশ গমন প্রতারণা ও ঝুঁকির কারণ হতে পারে। একারণে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার কোনো বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে প্রবাসী ও অভিবাসন সম্পর্কিত সচেতনতা বাড়াবে এবং নিরাপদ অভিবাসনের প্রতি গুরুত্ব বাড়াবে।
মতামত