বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ভিন্ন তকমা দিয়ে বা অপপ্রচার চালিয়ে জামায়াতের পথচলা রুদ্ধ করা যাবে না। যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের গঠনতন্ত্রে আল্লাহ, রাসূল (সাঃ), কুরআন ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। মানুষের মধ্যে দলের প্রতি যে আস্থা তৈরি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রেই ব্যাহত হবে না। আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনশক্তিকে কঠোর পরিশ্রম করার এবং সংস্কারের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।
রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ ও জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন।
একই দিনে রৌমারী উপজেলায় পৃথক এক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হালিম। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক হায়দার আলী। উভয় সমাবেশে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত