সারাদেশ

মামলা জট কমাতে কর্মকর্তাদের আইনি জ্ঞান জরুরি: তথ্য সচিব

প্রিন্ট
মামলা জট কমাতে কর্মকর্তাদের আইনি জ্ঞান জরুরি: তথ্য সচিব

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩৭

 সরকারি স্বার্থ রক্ষা এবং মামলার জট কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সুশৃঙ্খল সমাজ ও কার্যকর প্রশাসন গড়তে দাপ্তরিক কাজে আইন মেনে চলার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও এসএফ (তথ্য বিবৃতি) লেখার কৌশল শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মাহবুবা ফারজানা বলেন, মামলা পরিচালনায় কর্মকর্তাদের আইনজীবীদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে। সঠিক তথ্য ও প্রমাণ উপস্থাপনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় জ্ঞান থাকলে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হয়। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশপ্রেম ও ন্যায্যতা প্রতিষ্ঠায় প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সঠিক আইনি প্রক্রিয়ায় মামলা পরিচালনা করলে সরকারি সম্পত্তি সুরক্ষিত থাকবে এবং আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতা কমবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, জেলা জজ মো. মাসুদ পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বিটিভির ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।