সারাদেশ

বন্দরে নির্মাণাধীন কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

প্রিন্ট
বন্দরে নির্মাণাধীন কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি নির্মাণাধীন পোশাক কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ মালামাল লুট করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস-এ এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার আবু বক্কর জানান, ডাকাতদল কারখানার পূর্বদিকের খোলা জায়গা দিয়ে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সুপারভাইজার ও ৪ জন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে একটি নম্বর প্লেটবিহীন পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট ও পানির পাম্পসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ইস্পাহানী বাজার থেকে তালতলা স্ট্যান্ড পর্যন্ত সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশি টহল কম থাকায় ডাকাতরা ট্রাক নিয়ে এসে বিভিন্ন কলকারখানায় হানা দিচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।