নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাওন (২৮), যুবলীগ নেতা মাইনুল ইসলাম (২৯) ও ছাত্রলীগ কর্মী নাজমুল (২৫)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাওন বন্দর থানার ১১(৯)২৪ নম্বর মামলার এবং মাইনুল ও নাজমুল ৩(৯)২৪ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্দর খেয়াঘাট এলাকায় ছাত্রদের ওপর হামলায় সরাসরি অংশ নেন আওয়ামী লীগ নেতা শাওন। অন্যদিকে, শাহী মসজিদ এলাকায় আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়ানোর অপরাধে একটি রিকশার গ্যারেজে সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতা মাইনুল ও ছাত্রলীগ কর্মী নাজমুল জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, অপরাধীদের ধরতে বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের সুনির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত