সারাদেশ

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

প্রিন্ট
না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১০

 রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় আততায়ীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনীতিক শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে তাকে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় এক মহান বিপ্লবী হিসেবে উল্লেখ করা হয়। পরে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেজ থেকেও তার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বর্বরোচিত হামলার শিকার হন তিনি। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। হামলার সময় তিনি ওই এলাকায় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ রাতে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ তুর্কি।

তার এই অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।