ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলা ও তার শাহাদাতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে চাষাঢ়া ও বিবি রোড প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে পুনরায় চাষাঢ়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নিয়ে হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন,শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। যারা চব্বিশের গণঅভ্যুত্থান মেনে নিতে পারেনি, সেই পরাজিত শক্তির দোসররাই সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এক হাদিকে হত্যা করে দেশের লক্ষ লক্ষ হাদির কণ্ঠরোধ করা যাবে না।
তিনি আরও বলেন, আমরা ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রতিবেশীর মতো থাকুন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করবেন না। তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ নারায়ণগঞ্জসহ সারা দেশে শোক ও প্রতিবাদের ঝড় ওঠে। সমাবেশ শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মতামত