ভিডিও গ্যালারি

আড়াইহাজারে মস্তকবিহীন লাশ উদ্ধার পরকীয়ার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড গ্রেফতার ১

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৯ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠের পাশ থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের রহস্য চার দিনের মাথায় উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে রংমিস্ত্রি আবরাহাম খান ওরফে আলিম খানকে (২৭) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, এ ঘটনায় জড়িত মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে (২৬) ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও গ্রেফতার দুজনই রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।

পিবিআই জানায়, নিহতের সাথে গ্রেফতার রাব্বির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। একপর্যায়ে আবরাহাম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করলে রাব্বি ও তার খালা মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী আবরাহামকে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে আনা হয় এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়। আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকা থেকে মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়।

তথ্যপ্রমাণের ভিত্তিতে পাশের খাল থেকে নিহতের খণ্ডিত মাথা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ।

পিবিআই আরও জানায়, পরিচয় গোপন করতেই মাথা বিচ্ছিন্ন করে আলাদা স্থানে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত রাব্বির খালাসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।