ছবি : আল-সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী
তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে আল - সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশন। শীতার্ত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আল - সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ মহৎ উদ্যোগের পেছনে প্রধান অনুপ্রেরণা ও উদ্যোক্তা হিসেবে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ওমান প্রবাসী মানবিক সমাজসেবক জনাব আপেল মাহমুদ।
শীতবস্ত্র বিতরণকালে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আল - সুন্নাহ কল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শীত মৌসুমে দরিদ্র মানুষ যেন কষ্ট না পায়, সে উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষ রোপন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সাহায্য ও বিভিন্ন মানবিক সহায়তাসহ সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আপেল মাহমুদের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা অনেক আগে থেকেই মানবিক কাজে লিপ্ত ছিলো এবং ভবিষ্যতেও এধরণের মানবিক এবং সামাজিক কাজে তারা সবসময়ই এগিয়ে আসবে। পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি এবং তার সহযোগীরা এধরণের সামাজিক কাজের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে থাকতে পারেন।
মতামত