ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার দুপ্তারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও আশপাশের এলাকা থেকে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দড়ি সত্যভাণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচগাঁও মানেহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেওয়ালে সাঁটানো ও ঝুলে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারসামগ্রী সরিয়ে ফেলা হয়।
প্রশাসন সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আড়াইহাজার উপজেলার ১১৮টি ভোটকেন্দ্রকে ঘিরেই এই নজরদারি চালানো হচ্ছে। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় একই ধরনের অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
মতামত