পেশাদারিত্ব, সততা ও সাহস বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের জরুরি সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
ড. রুমন রেজা তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের কারণে সাংবাদিকতায় চ্যালেঞ্জ বেড়েছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা বজায় রাখার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকতে হবে। আব্দুস সালাম জানান, সংগঠনটি বিভাগীয় শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন পাওয়ায় এর কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় সংগঠনের সহ-সভাপতি আহসান সাদিক শাওন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রতিশ্রুতি দেন। এছাড়া সভায় এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন রবিন, প্রথম আলোর মজিবুল হক পলাশসহ জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকদের নিরাপত্তা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতামত