সারাদেশ

মাগুরায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি: ৩৫ হাজার টাকা জরিমানা, কারখানা বন্ধের নির্দেশ

প্রিন্ট
মাগুরায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি: ৩৫ হাজার টাকা জরিমানা, কারখানা বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:০৩

 মাগুরা শহরের ঢাকা রোড ও চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরির দায়ে মুসলিম সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে কারখানার পরিবেশ উন্নয়নের জন্য তিন দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স মুসলিম সুইটসের কারখানায় চরম নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে দই-মিষ্টি তৈরি হচ্ছিল। খোলা অবস্থায় রাখা খাবারে মশা, মাছি, তেলাপোকা ও মাকড়সা পড়ে থাকতে দেখা যায়। এছাড়া খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ ও রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পাওয়া গেছে। পূর্বে সতর্ক করা সত্ত্বেও কোনো পরিবর্তন না আসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা ও কারখানা সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর খাবার নষ্ট করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে দৃশ্যমান মূল্যতালিকা টাঙানো ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।