নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় ও স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক নারীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কফিল আহাম্মদের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২১ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী নাসিমা আহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পেয়ে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ভুক্তভোগী নাসিমা ও অভিযুক্ত কফিল আহাম্মদ সম্পর্কে চাচা-ভাতিজি।
নাসিমা আহাম্মদ অভিযোগে উল্লেখ করেন, মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩ শতাংশ জমিতে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। এই জমি নিয়ে আদালতে মামলা করলে ২০২৩ সালে তার পক্ষে রায় ও স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়। কিন্তু জামায়াত নেতা কফিল আহাম্মদ দলীয় প্রভাব খাটিয়ে ১৫-২০ জন সহযোগী নিয়ে রবিবার সকালে জমিতে অনধিকার ভাবে প্রবেশ করেন এবং ঘর নির্মাণ শুরু করেন। বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী নাসিমা আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময় কফিলের ছেলেরা আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে আমাদের ওপর জুলুম করেছে। এখন সরকার পতনের পর তারা আবারও জামায়াতের পরিচয় ব্যবহার করে জমি দখলের পাঁয়তারা করছে।
অভিযোগের বিষয়ে জামায়াত নেতা কফিল আহাম্মদ বলেন, এই জায়গাটি আমার আপন ভাইয়ের কাছ থেকে কেনা। যারা মালিকানা দাবি করছেন তারা প্রকৃত মালিক নন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত