সারাদেশ

অতি দ্রুত শুরু হচ্ছে যৌথ অভিযান: ইসি সানাউল্লাহ

প্রিন্ট
অতি দ্রুত শুরু হচ্ছে যৌথ অভিযান: ইসি সানাউল্লাহ

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪৯

 দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মেসেজ ক্লিয়ার কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চলমান রয়েছে এবং প্রতিদিন প্রায় দুই হাজার করে অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে। এসব কার্যক্রমের আপডেট নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সন্ত্রাসীদের দমনে কমিশন কোনো প্রকার ছাড় দেবে না বলে তিনি পরিষ্কার বার্তা দেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিদের নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধি, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, এনএসআই, ডিজিএফআই, বিজিবি ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য, ভোটের তফসিল ঘোষণার পর এই প্রথম তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।