সারাদেশ

বন্দরে কিশোরী গণধর্ষণ: বাস হেলপারসহ গ্রেপ্তার ২

প্রিন্ট
বন্দরে কিশোরী গণধর্ষণ: বাস হেলপারসহ গ্রেপ্তার ২

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪১

নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী এক কিশোরীকে (১৪) অপহরণ ও গণধর্ষণের ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়া এলাকার বাস হেলপার রানা (৩২) ও জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার ফয়সাল (৩০)।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে বন্দর ও রাতে ঢাকার গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর ভুক্তভোগী কিশোরী সোনারগাঁ থেকে বাসে করে কেরানীগঞ্জে মায়ের বাসায় ফিরছিল। পথিমধ্যে বাসের হেলপার রানার সাথে তার পরিচয় হয়। যাত্রাবাড়ী এলাকায় কিশোরী বাস থেকে নামতে চাইলে রানা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নামতে বাধা দেয় এবং রাতে কৌশলে বন্দরের ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে রানাসহ অজ্ঞাত অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে, আর আল-আমিন নামের অপর এক সহযোগী দরজায় পাহারা দেয়।

ধর্ষণের পর অভিযুক্তরা পালিয়ে গেলে কিশোরী স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান জানান, দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।