সারাদেশ

ফতুল্লায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ১৫ লাখ টাকা জরিমানা

প্রিন্ট
ফতুল্লায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ১৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২১ ডিসেম্বর) পাগলা নন্দলালপুর ও দাপা শৈলকূইড়া এলাকায় পরিচালিত এই অভিযানে ভাটাগুলোকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২, মেসার্স এমএসবি ব্রিকস এবং মেসার্স এসইউএ ব্রিকস। প্রতিটি ভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এস্কেভেটরের মাধ্যমে চিমনি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়।

অভিযানে জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও কারখানার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান দেশজুড়ে নিয়মিত অব্যাহত থাকবে।