সারাদেশ

ওসমান হাদী নির্ভীক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন: আসিফ নজরুল

প্রিন্ট
ওসমান হাদী নির্ভীক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন: আসিফ নজরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১১

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শহীদ ওসমান হাদী ছিলেন একজন সৎ ও নির্ভীক তরুণ, যিনি আমৃত্যু ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন। গণঅভ্যুত্থানের পর অনেকে ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিলেও হাদী ছিলেন আপসহীন। মানুষের কল্যাণে কাজ করার কারণেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যার প্রমাণ তাঁর জানাজায় মানুষের রেকর্ড পরিমাণ উপস্থিতি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কাঞ্চন ক্যাম্পাসে আয়োজিত সপ্তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, হাদী এই নশ্বর পৃথিবীর চেয়ে অনেক ভালো জায়গায় আছেন বলে আমরা বিশ্বাস করি। তিনি শহীদ হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশে হামলাকারীর চেয়ে সৃষ্টিশীল ও আত্মত্যাগী মানুষের সংখ্যা বেশি। বিগত ১৭ বছর দেশের আইন, শিক্ষা ও অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থান দেশবাসীকে একটি শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি দিয়েছে।

স্টেট ইউনিভার্সিটির এ সমাবর্তনে ১০টি বিভাগের ৬৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৩ জনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল, ৪ জনকে ভাইস চ্যান্সেলর সিলভার মেডেল এবং ২০ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম এবং উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খাঁন।