নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পারাপারের সময় চলন্ত ফেরি থেকে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে তলিয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বক্তাবলী ঘাটে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)। বক্তাবলী নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি ঘাট ছেড়ে মাঝ নদীতে যাওয়ার পর একটি ট্রাক হঠাৎ চালু হয়ে সামনের যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ভ্যান এবং ট্রাকটি নিজেই নদীতে পড়ে তলিয়ে যায়। ট্রাক চালক সাঁতরে পাড়ে উঠতে পারলেও অন্য তিনজন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত দেড়টার দিকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, ট্রাকটি গিয়ারে থাকায় হঠাৎ স্টার্ট নেওয়ার পর চালক আর নিয়ন্ত্রণ করতে পারেননি।
দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান নাইমা ইসলাম জানান, পলাতক ট্রাক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এদিকে বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, নদীর গভীরতা মেপে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত