সারাদেশ

কুড়িগ্রামে সরিষার হলুদে হাসছে প্রকৃতি, বাম্পার ফলনের আশা

প্রিন্ট
কুড়িগ্রামে সরিষার হলুদে হাসছে প্রকৃতি, বাম্পার ফলনের আশা

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:১৩

কুড়িগ্রাম শীতের আগমনী বার্তায় কুড়িগ্রামের দিগন্তজোড়া মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলদে আভা। ভোরের হালকা কুয়াশা আর নরম রোদের পরশে সরিষার মৈ মৈ গন্ধে মুখরিত হয়ে উঠেছে জনপদ। গ্রামবাংলার এই চিরচেনা রূপ জেলাজুড়ে এক অনন্য নান্দনিকতা ছড়িয়ে দিয়েছে। স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন তারা। ধানের তুলনায় খরচ কম এবং বাজারে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলে সরিষা চাষে আগ্রহ বাড়ছে। তেলের চাহিদা মেটানোর পাশাপাশি এই সরিষা চাষ কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুটিয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। শুধু ভোজ্যতেলের চাহিদাই নয়, সরিষা ক্ষেতকে ঘিরে মৌচাষের মাধ্যমে মধু সংগ্রহের বাড়তি আয়ের সুযোগও তৈরি হয়েছে। সব মিলিয়ে হলুদে মোড়া কুড়িগ্রামের প্রকৃতি এখন কেবল সৌন্দর্যই নয়, অর্থনৈতিক সমৃদ্ধির পথেও এগিয়ে যাচ্ছে।