সিরাজগঞ্জ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচার ও জনমত গঠনের উদ্দেশ্যে সিরাজগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পৌরসভার রামগাতী গ্রামে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করলে ৩১ দফার সুফল প্রতিটি নাগরিকের ঘরে পৌঁছাবে। তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহেদ আলম (মুন্সি), জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
১৩নং ওয়ার্ড বিএনপির নেতা রুহুল আমিন আলম, ফরিদুল ইসলাম ও রাশেদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে যুবদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় নারী ভোটাররা অংশগ্রহণ করেন।
মতামত