পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড কার্তুজসহ ইমন হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দোগাছি ইউনিয়নের দক্ষিণ সাধুপাড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় আটক ইমনের কাছ থেকে ১২ বোরের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি তাজা কার্তুজ এবং অপর দুটি মরিচা ধরা ও ভাঙা অবস্থায় ছিল। আটক ইমন হোসেন পাবনা সদর থানার চর সাধুপাড়া (ঝুটপট্টি) এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত