নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতাকে ফেসবুক পেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রোববার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় যুবশক্তি (এনসিপি) জেলা সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক।
জিডি সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর রাতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক পেজ থেকে জাহিদুল হক, জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অনিক খাঁন সিয়ামের ছবি ব্যবহার করে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেওয়া হয়। পোস্টে উসকানিমূলক তথ্যের পাশাপাশি লিস্টে রাখলাম, হঠাৎ করেই লাশ দেখবে সোনারগাঁবাসী এমন চরম বার্তাও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জাহিদুল হক জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার সাবেক মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন হুমকিতে তিনি ও তার সহযোগীরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে অবগত রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগটি আমলে নিয়ে জিডিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত