দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ এবং খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও প্রথম আলো ও ডেইলি স্টার সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে বিরাগভাজন হয়েছিল। অথচ সরকার পতনের পরও একটি গোষ্ঠী এই পত্রিকা দুটিকে শত্রু ভেবে হামলা ও লুটপাট চালাচ্ছে। তিনি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন এবং ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নিয়ে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
মতামত