নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক এলাকায় দিনের আলোতে অভিনব কৌশলে ফ্ল্যাটে চুরির সময় আকাশ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী বাড়ির ভাড়াটিয়া আকাশ বাদী হয়ে আটককৃত আকাশ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে বন্দর থানার র্যালী আবাসিক এলাকায়। ভুক্তভোগীর পরিবার জানায়, দুপুরে ফ্ল্যাটে তালা লাগিয়ে বাইরে যান গৃহকর্ত্রী মনিকা বেগম। আধা ঘণ্টা পর ফিরে এসে দেখেন তালা ভাঙা এবং ঘরের আলমারি থেকে নগদ ৩ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করা হয়েছে।
চুরির পর পালানোর সময় প্রতিবেশীর বাড়িতে ঢোকার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে আকাশকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে চুরিকৃত একটি দামী হাতঘড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকাশ জানায়, সে শহরের পুরান জিমখানা এলাকার ইলিয়াস সিকদারের ছেলে।
আটক আকাশ চুরির কথা স্বীকার করে পুলিশকে জানায়, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তার সহযোগী জনি পালিয়ে গেছে। পুলিশ জনির গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে।
মতামত