সারাদেশ

বন্দরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ১

প্রিন্ট
বন্দরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ১

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:২৬ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫১

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত আলিফা ওই এলাকার ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় মিফতাহুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউছার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক কাউছার স্থানীয় মানিক চাঁনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে প্রতিবেশী এক বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় আলিফা। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ইমরান আহম্মেদ ও বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন্দর থানার ওসি জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।