সারাদেশ

বারহাট্টায় ভাতাভোগীর লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি: ভাতা বন্ধের শঙ্কা

প্রিন্ট
বারহাট্টায় ভাতাভোগীর লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি: ভাতা বন্ধের শঙ্কা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১৮

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ৬ হাজার ১৭৫ জন ভাতাভোগীর ভাতা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন না করায় তারা এই ঝুঁকির মুখে পড়েছেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, বারহাট্টায় মোট ভাতাভোগীর সংখ্যা ২৮ হাজার ৭৪৮ জন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে জিটুপি পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাঠানোর লক্ষ্যে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়। গত ১৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ২২ হাজার ৩৭৬ জন ভাতাভোগী তাদের তথ্য যাচাই সম্পন্ন করেছেন। এখনো অনুপস্থিত রয়েছেন ৬ হাজার ১৭৫ জন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন জানান, ভাতা সচল রাখতে উপকারভোগীদের সশরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর নিশ্চিত করা বাধ্যতামূলক। যারা এখনো ভেরিফিকেশন করেননি, তাদের ভাতা বর্তমানে স্থগিত রয়েছে। তবে তারা চাইলে চলমান কার্যক্রমে উপস্থিত হয়ে দ্রুত তথ্য নিশ্চিত করতে পারবেন। অন্যথায় তাদের ভাতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্থানে এই কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।