সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর তেল পাচারকালে জব্দ: শ্রমিকদের বিক্ষোভ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর তেল পাচারকালে জব্দ: শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ২:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে চালান (ইনভয়েস) ছাড়াই পাচারকালে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১৫ ড্রাম ডিজেল জব্দ করেছে শ্রমিক ও ট্যাংকলরি মালিকরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাব্বী ট্রেডার্সের একটি পিকআপ ভ্যানে করে এই তেল বের করার সময় হাতে-নাতে ধরা পড়ে।

এই ঘটনার প্রতিবাদে এবং ডিপোতে চলমান নানা অনিয়মের অভিযোগে সহকারী ম্যানেজার (অপারেশন) মাসুদ হাসানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও সহকারী ম্যানেজার মাসুদ হাসানের যোগসাজশে তেল চুরির সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ইনভয়েস ছাড়া কোনো গাড়ি লোডিং পয়েন্টে যাওয়ার কথা নয়। কিন্তু ইনভয়েস ছাড়াই রাব্বী ট্রেডার্সের নামে এই তেলের চালানটি পাচার করা হচ্ছিল। উল্লেখ্য, এর আগে অনিয়মের দায়ে সাবেক ম্যানেজার মোশারফ হোসেনকে বদলি করা হয়েছিল।

 এ বিষয়ে সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতে ইনভয়েস ছাড়া আর কোনো গাড়ি বের হবে না। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, সরকারি ডিপোতে এ ধরণের অনিয়ম রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। পুনরায় এমন ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।