সারাদেশ

নারায়ণগঞ্জে ধানের শীষ নেই ভোটারদের ভরসা খেঁজুর গাছ

প্রিন্ট
নারায়ণগঞ্জে ধানের শীষ নেই ভোটারদের ভরসা খেঁজুর গাছ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৪১

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেখাল বিএনপি। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে নিজেদের কোনো প্রার্থী না দিয়ে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে দলটি। ফলে এবার এই আসনে বিএনপির ভোটারদের ধানের শীষ প্রতীকের বদলে ভোট দিতে হবে খেঁজুর গাছ প্রতীকে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, জোটভুক্ত হলেও প্রার্থীকে নিজ দলীয় প্রতীকেই লড়তে হবে।

নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে সক্রিয় ছিলেন জেলা ও থানা পর্যায়ের একাধিক হেভিওয়েট নেতা। সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, শিল্পপতি শাহ আলম, মাসুকুল ইসলাম রাজিব এবং মশিউর রহমান রনির মতো নেতারা ব্যাপক গণসংযোগ ও শোডাউন করে আসছিলেন। দলীয় কোনো নেতা মনোনয়ন না পাওয়ায় তাদের অনুসারী ও তৃণমূল কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থীর শঙ্কা রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীরা কি শেষ পর্যন্ত জোটের প্রার্থীকে সমর্থন দেবেন, নাকি স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে নামবেন গুঞ্জন রয়েছে, গিয়াস উদ্দিন বা শাহ আলমের মতো কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন জোটপ্রার্থী মনির হোসেন কাসেমী।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনেও কাসেমী এই আসনে লড়েছিলেন, তবে সেবার তিনি ধানের শীষ প্রতীক পেয়েছিলেন। এবার নিজস্ব প্রতীকে তিনি বিএনপির বিশাল ভোটব্যাংক কতটা নিজের পক্ষে টানতে পারবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই পরিষ্কার হবে ফতুল্লার ভোটের চূড়ান্ত সমীকরণ।