নারায়ণগঞ্জের বন্দরে প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে এক যুবককে অপহরণ করে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা ওই যুবককে জিম্মি করে মোটরসাইকেল লুট এবং দেড় লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আল ইসলাম বাদী হয়ে গত রোববার (২১ ডিসেম্বর) রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন, আসলাম, জাবেদ, ইমন ও জীবনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে ভুক্তভোগী যুবক তার ব্যক্তিগত সুজুকি জিক্সার (ঢাকা মেট্রো ল ৫৯-৮৯০৮) মোটরসাইকেল নিয়ে মদনপুর এলাকায় যান। সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন ও আসলামের নেতৃত্বাধীন একটি চক্র তাকে পথরোধ করে তুলে নিয়ে যায়। নির্জন স্থানে আটকে রেখে রাতভর তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
পরদিন ১৬ ডিসেম্বর ভোরে অপহৃত যুবকের ফোন থেকে তার পরিবার ও স্ত্রীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে জানমাল রক্ষায় পরিবার নগদ এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ওই যুবককে উদ্ধার করে। তবে মুক্তিপণ পেলেও অভিযুক্তরা ভুক্তভোগীর মোটরসাইকেলটি জোরপূর্বক রেখে দেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রভাবশালী এই মাদক ব্যবসায়ী চক্রের ভয়ে তারা তটস্থ। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মতামত