নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকার একটি বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেনের ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেনের ছেলে টিটু (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একটি দল শান্তিনগর বালুর মাঠে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার সকালে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মো. মনির হোসাইন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের সাথে আর কারা জড়িত এবং এই অস্ত্র তারা কেন মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত