নারায়ণগঞ্জ ও গাজীপুরে র্যাব-১১-এর পৃথক দুটি অভিযানে প্রায় ৪ মণ গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪), আল-আমিন (৩২) ও জাকির হোসেন (৪৫)।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, বৃহস্পতিবার সকালে র্যাব-১১ ও র্যাব-৩-এর যৌথ দল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১৪৩.৫ কেজি (প্রায় ৪ মণ) গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, দুপুরে নারায়ণগঞ্জের বিবি রোড এলাকায় অন্য এক অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত