নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১) হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় ছুটে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দড়ি সোনাকান্দা এলাকায় নিহতের বাসায় গিয়ে তিনি আলিফার বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, এই ছোট্ট শিশুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা চরম পৈশাচিক। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে বারবার এমন অপরাধ ঘটছে। তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ বিষয়ে তিনি পুলিশ সুপার ও বন্দর থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সভাপতি মুহা. আবুল হাশেম, সেক্রেটারি আ. হক ও রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত