সারাদেশ

গড়েয়ায় প্রকাশ্যেই কাটা হচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি

প্রিন্ট
গড়েয়ায় প্রকাশ্যেই কাটা হচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় প্রকাশ্য দিবালোকে ভূল্লী নদীর পাড় কেটে মাটি বিক্রির মহোৎসব চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে চরম হুমকির মুখে পড়েছে নদীর বাঁধ, সংলগ্ন সেতু ও বিস্তীর্ণ আবাদি জমি।

 গড়েয়া ভূল্লী নদী বাঁধ সেতু থেকে মাত্র ১০০-১৫০ গজ দূরে নদীর পাড় কেটে মাটি তোলা হচ্ছে। তিনটি ট্রাক্টরে করে সেই মাটি তড়িঘড়ি করে পার্শ্ববর্তী মাঠে স্তূপ করা হচ্ছে, যা পরবর্তীতে চড়া দামে বিভিন্ন নির্মাণ কাজে বিক্রি করা হচ্ছে। ট্রাক্টর চালক গোলাপ মিয়া স্বীকার করেন, ইতালি মুন্সি নামে এক ব্যক্তির নির্দেশে এই মাটি কাটা হচ্ছে। নিজের কাজের দায় স্বীকার করে তিনি বলেন, এটা আমাদের অন্যায় হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু, বাঁধ বা গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে মাটি বা বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু এখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনস্বার্থ ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে।

স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে জানান, এভাবে পাড় কাটা অব্যাহত থাকলে সামান্য বন্যাতেই বাঁধ ভেঙে সেতু ও কয়েকশ একর ফসলি জমি বিলীন হতে পারে। কৃষকদের দাবি, প্রভাবশালী চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি)-কে পাঠানো হয়েছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।