সারাদেশ

বালিয়াডাঙ্গীতে আমেরিকান প্রবাসীর উদ্যোগে ৪ হাজার কম্বল বিতরণ

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে আমেরিকান প্রবাসীর উদ্যোগে ৪ হাজার কম্বল বিতরণ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিবছরের মতো এবারও অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমেরিকান প্রবাসী তোফায়েল আহমেদ তুহিন। তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এতিমখানায় প্রায় চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাড়িয়া ইউনিয়নের ঠুমনিয়া (কনপাড়া) ও আশপাশের গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দেওয়া হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম এবং আবু রায়হান। এ সময় প্রবাসীর স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রবাসী তোফায়েল আহমেদ তুহিন জানান, আর্তমানবতার সেবায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তীব্র শীতে হঠাৎ কম্বল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার দুস্থ ও অসহায় মানুষ। স্থানীয়রা জানান, প্রবাসীর এমন মানবিক উদ্যোগ অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে বিশেষ ভূমিকা রাখছে।