সারাদেশ

মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যান: নেপথ্যে লাইনম্যান সিন্ডিকেট

প্রিন্ট
মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যান: নেপথ্যে লাইনম্যান সিন্ডিকেট

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১৬

সরকারি ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা। অভিযোগ উঠেছে, হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে লাইনম্যান সিন্ডিকেট মাসোহারা বাণিজ্যের মাধ্যমে এসব অবৈধ যান চলাচলের সুযোগ করে দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, সোনারগাঁয়ের কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া এবং রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় মহাসড়কের পাশেই গড়ে উঠেছে সিএনজির অবৈধ স্ট্যান্ড। কাঁচপুর এলাকার হারুন ও জসিমের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট এই স্ট্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে। প্রতি মাসে গাড়ি প্রতি ১ হাজার টাকা হারে অন্তত ১৪০০-১৫০০ অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ চালকদের।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক জানান, মহাসড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ হলেও লাইনম্যানদের মাসোহারা দিয়েই তারা গাড়ি চালাচ্ছেন। টাকা না দিলে হাইওয়ে পুলিশ গাড়ি আটকে দেয়। লাইনম্যান হারুন ও জসিমও পুলিশের দোহাই দিয়ে লাইন চালানোর বিষয়টি স্বীকার করেছেন।

২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করে সরকার। পরে ২০১৭ সালে হাইকোর্ট এই নিষেধাজ্ঞা আরও জোরদার করেন। কিন্তু এই সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে মহাসড়কের নিরাপত্তা।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী পুলিশের সঙ্গে যোগসাজশের বিষয়টি অস্বীকার করেছেন। তারা জানান, জনবল সংকটের মধ্যেও প্রতিদিন অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হচ্ছে। র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, যেকোনো ধরনের অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে র‌্যাব তৎপর রয়েছে।