সারাদেশ

সাংবাদিকদের ওপর হাত তুললে তা গুঁড়িয়ে দেওয়া হবে: বিএফইউজে সভাপতি

প্রিন্ট
সাংবাদিকদের ওপর হাত তুললে তা গুঁড়িয়ে দেওয়া হবে: বিএফইউজে সভাপতি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১২:০৪

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে আর একটি মামলা হলে কিংবা কোনো টু শব্দ উচ্চারিত হলে আমরা প্রশাসনকে ছাড় দেব না। সাংবাদিকদের ওপর হাত তোলা হলে সেই হাত ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএফইউজে সভাপতি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তবে কিছু রাজনৈতিক শক্তি ক্ষমতার স্বার্থে আপস ও আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে, যা দেশবাসী ক্ষমা করবে না।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান বিগত দিনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। তিনি জানান, এনইউজে সভাপতি আবু সাউদ মাসুদের কলম থামাতে ফ্যাসিস্ট আমলে তার বিরুদ্ধে ১৪টি মামলা দিয়ে নির্যাতন করা হয়েছিল। অর্থ সম্পাদক মোশতাক আহমেদ শাওন আর্থিক প্রতিবেদন পেশ করলে সদস্যরা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় সাংবাদিক নেতারা প্রথম আলো ও ডেইলি স্টারের অতীত ভূমিকার কঠোর সমালোচনা করেন। বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বক্কর ও এনইউজে সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, আমার দেশ ও নয়া দিগন্ত যখন বন্ধ করা হয়েছিল এবং মাহমুদুর রহমানসহ প্রবীণ সম্পাদকদের ওপর নির্যাতন করা হয়েছিল, তখন এই পত্রিকাগুলো নীরব ছিল। তবে নীতিগতভাবে আমরা এখন কোনো গণমাধ্যমে হামলার সমর্থন করি না।

বিশেষ অতিথির বক্তব্যে ডিইউজে কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন বলেন, লড়াইয়ের মাধ্যমেই নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের জন্ম হয়েছে। শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসমিন আক্তার সাংবাদিকদের অপসাংবাদিকতা পরিহার করে সত্যের পথে থাকার আহ্বান জানান। এ ছাড়া চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ব্যবসায়ীদের নিরাপত্তা ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সতর্ক ভূমিকা রাখার অনুরোধ করেন।

সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় সভায় এনইউজের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।